ঘুষ না পেয়ে যুবককে পেটালো পুলিশ

 ‘ঘুষের’ টাকা না পেয়ে থানায় ঝুলিয়ে আবু সাঈদ (৩০) নামের যুবককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে যশোর পুলিশের বিরুদ্ধে। ‘দুই লাখ’ টাকা ঘুষ দাবি করা হলেও শেষে ৫০ হাজার টাকার বিনিময়ে ছাড়া পান ওই যুবক। সে যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে।পুলিশ সূত্রে জানায়, কোতোয়ালি থানার এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান বুধবার রাতে আবু সাঈদকে আটক করেন। পরে তার কাছে ‘দুই লাখ টাকা’ ঘুষ দাবি করেন ওই দুই কর্মকর্তা।
ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডকাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে গাছের মোট ডালের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়। পরে ‘৫০ হাজার টাকা’ দিয়ে ওই রাতেই ছাড়া পান আবু সাঈদ।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ তিনি থানার এসআই নাহিয়ানের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।
এসআই নাহিয়ান বলেন, আমি শুনেছি, আবু সাঈদকে আটক করা হয়েছিল। কিন্তু আমি আটক করিনি। আর আটকের পর কি হয়েছে তা আমি জানি না।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, এস আই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান আবু সাঈদকে আটক করে ‘দুই লাখ’ টাকা ঘুষ দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করায় তাকে কোতোয়ালি থানার ভেতরে ঝুলিয়ে পেটানো হয়েছে।
এদিকে অভিযুক্ত এএসআই হাদিবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নয়।
নির্যাতিত আবু সাঈদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তার এক স্বজন মোবাইলে জানিয়েছেন, আবু সাঈদের নামে মামলা রয়েছে। তবে সব মামলায় তিনি জামিনে আছেন। বুধবার রাতে বিনা অপরাধে তাকে আটক করা হয়। ঘুষ নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট